
[অনলাইন প্রতিবেদক]
২২ জুন ২০২৫ তারিখ সিআইডি সদর দপ্তর, ঢাকায় আয়োজিত এক হৃদয়ছোঁয়া অনুষ্ঠানে অতিরিক্ত ডিআইজি রুমানা আক্তারকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি (বিপিএম, পিপিএম) মো. ছিবগাত উল্লাহ এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
রুমানা আক্তার ২০০১ সালে ২০তম বিসিএস-এর মাধ্যমে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে, ২০১৫ সালের ৮ জুন পুলিশ সুপার হিসেবে সিআইডিতে যোগদান করেন। দক্ষতা ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ তিনি ১৩ জুলাই ২০২২ সালে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পান এবং সিআইডিতেই দায়িত্ব পালন করতে থাকেন।
সম্প্রতি তাঁকে আরআরএফ, ঢাকা-তে বদলি করা হলে সিআইডি পরিবার তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে এই বিদায়ী সংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ তাঁর পেশাগত দক্ষতা, নিষ্ঠা এবং দীর্ঘ কর্মজীবনের অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি রুমানা আক্তারের আগামীর পথচলায় সাফল্য ও তাঁর পরিবারের সুস্বাস্থ্য কামনা করেন। অনুষ্ঠানে সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সহকর্মীরা উপস্থিত ছিলেন এবং রুমানা আক্তারের প্রতি তাঁদের ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেন।






