
[অনলাইন প্রতিবেদক]
দেশব্যাপী চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী ১২ থেকে ১৯ জুন ২০২৫ তারিখ পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে মোট ৪০৮ জন অপরাধীকে গ্রেফতার করেছে। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পরিচালিত এই যৌথ অভিযানে সন্ত্রাসী, চোরাকারবারী, মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং সদস্য, চাঁদাবাজ ও মাদকাসক্তসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আটক করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীন ইউনিটসমূহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে অভিযানগুলো পরিচালনা করে। অভিযানে ধৃত অপরাধীদের কাছ থেকে ১০টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৪৯৬টি গুলি, ৩৪টি ককটেল বোমা, বিভিন্ন মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র, মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়।
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জননিরাপত্তা নিশ্চিত ও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সেনাবাহিনী দেশের গুরুত্বপূর্ণ সড়কে বিশেষ টহল ও নজরদারি কার্যক্রম পরিচালনা করছে। টিকিট কালোবাজারি ও যানবাহন চলাচলে বিঘ্ন রোধেও সেনাবাহিনীর ভূমিকা প্রশংসনীয়।
সেনাবাহিনী জানিয়েছে, সন্ত্রাস ও অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে, এবং জনগণের সহায়তা চেয়ে যেকোনো সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর এই উদ্যোগ জননিরাপত্তা রক্ষায় দেশের জনগণের আস্থা পুনর্ব্যক্ত করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।






