
[অনলাইন প্রতিবেদক]
রাজধানীর ফকিরাপুলে গোয়েন্দা পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণের ঘটনার মূল হোতা ও শীর্ষ সন্ত্রাসী বাপ্পিকে দুই সহযোগীসহ গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানে উদ্ধার করা হয়েছে তিনটি বিদেশি পিস্তল, ছয়টি গুলি ভর্তি ম্যাগাজিন এবং মোট ১৫১ রাউন্ড গুলি।
ডিবি-লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, ২৮ জুন ২০২৫, শনিবার রাত ২টার দিকে যশোর শহরের ঘোপ নওয়াপাড়া এলাকায় নজরুল ইসলাম নামে এক ব্যক্তির বাসায় অভিযান চালিয়ে বাপ্পি ওরফে মো. আলী ওরফে ফিরোজ আলম ওরফে আহসানুল হক এবং তার দুই সহযোগী আবু খালিদ সাইফুল্লাহ ওরফে বোমা রিপন ও মোঃ কামরুল হাসানকে গ্রেফতার করা হয়।
বাপ্পির দেহ তল্লাশিতে একটি বিদেশি পিস্তল এবং দুইটি ম্যাগাজিনসহ সাত রাউন্ড গুলি পাওয়া যায়। তার দেওয়া তথ্যে ডেমরা থানাধীন বাদশা মিয়া রোডের একটি বাসায় অভিযান চালিয়ে আরও দুইটি বিদেশি পিস্তল, চারটি গুলি ভর্তি ম্যাগাজিন এবং ১৪৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এর আগে, গত ১৮ জুন ফকিরাপুল এলাকায় এক মাদকবিরোধী অভিযানে এক হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করে ডিবি। তার দেওয়া তথ্য অনুযায়ী, ১৯ জুন রাত ১টা ২০ মিনিটে একটি সিলভার রঙের প্রাইভেট কার থামাতে গেলে গাড়িতে থাকা মাদক কারবারিরা ডিবি সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ডিবির তিন সদস্য গুলিবিদ্ধ হন। এরপর ঘটনাস্থল থেকে ৯০০০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়।
ঘটনার তদন্তে বেরিয়ে আসে বাপ্পির নাম। এরপর দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে অবশেষে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় ডিবি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। ডিবি জানিয়েছে, সন্ত্রাসী বাপ্পি ও তার সহযোগীরা একটি সংঘবদ্ধ মাদক ও অস্ত্রচক্রের সদস্য এবং তাদের বিরুদ্ধে আরও অপরাধের তদন্ত চলছে।







