
[অনলাইন প্রতিবেদক]
রাজধানীর সূত্রাপুর এলাকা থেকে ২,৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গুলশান বিভাগ। ৪ জুন ২০২৫, বুধবার সকাল আনুমানিক ৮টা ২৫ মিনিটে জনসন রোডস্থ ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট হাসপাতালের সামনে থেকে মোঃ আবু তাহের (৫৫) ও মোঃ আলম (৩২)-কে গ্রেফতার করা হয়।
ডিবি-গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, দুই ব্যক্তি ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে উক্ত স্থানে অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ২,৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ ২০ হাজার টাকা।
ডিবি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আবু তাহের ও আলম দীর্ঘদিন ধরে পেশাদার মাদক কারবারি হিসেবে সক্রিয় ছিলো। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবাগুলো বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সূত্রাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিবি।






