
[অনলাইন প্রতিবেদক]
২১ জুন ২০২৫ তারিখ শনিবার বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (BIWTA)-এর যৌথ ব্যবস্থাপনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ উদযাপিত হলো ‘বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস-২০২৫’। দিবসটি উপলক্ষে রাজধানীর সামরিক জাদুঘরে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন (অবঃ)।

সেমিনারে সম্মানিত নৌবাহিনী প্রধান এডমিরাল নাজমুল হাসান, হাইড্রোগ্রাফি ও ওশানোগ্রাফি সংশ্লিষ্ট জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, গবেষক, বিজ্ঞানী এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
এ বছরের প্রতিপাদ্য ‘Mapping: Enabling Ocean Action’ কে সামনে রেখে বক্তারা বলেন, সমুদ্রের টেকসই ব্যবস্থাপনা, নিরাপদ নৌচলাচল এবং সুনীল অর্থনীতির বিকাশে হাইড্রোগ্রাফিক তথ্য-উপাত্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা জানান, সমুদ্রতলদেশের সঠিক মানচিত্রায়ন এবং ডেটা বিশ্লেষণের মাধ্যমে সামুদ্রিক সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করা সম্ভব।

সেমিনারে আলোচকরা আরও বলেন, বাংলাদেশ নৌবাহিনী ১৯৮৩ সাল থেকে আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার সদস্য হিসেবে সমুদ্র ও বন্দরসংলগ্ন নদীপথে হাইড্রোগ্রাফিক জরিপ পরিচালনা এবং আন্তর্জাতিক মানসম্পন্ন নটিক্যাল চার্ট প্রকাশের মাধ্যমে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করে আসছে। এই প্রচেষ্টা বঙ্গোপসাগর অঞ্চলে আন্তর্জাতিক ও দেশীয় নৌযান চলাচলে কার্যকর অবদান রাখছে।
প্রতিবেদনে উঠে আসে, হাইড্রোগ্রাফিক তথ্য, উদ্ভাবনী প্রযুক্তি ও ব্যবহারিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশ নৌবাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো দেশের সাগরসম্পদের যথাযথ ব্যবহারে প্রতিশ্রুতিবদ্ধ, যা দেশের অর্থনৈতিক অগ্রগতিতে বড় ধরনের ভূমিকা রাখতে সক্ষম।






