
[অনলাইন প্রতিবেদক]
কুমিল্লায় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর আয়োজনে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য গ্রীষ্মকালীন ফল উৎসব। ২১ জুন ২০২৫ তারিখ শনিবার কুমিল্লা পুলিশ লাইন্সের ড্রিলসেট শহীদ আরআই এ.বি.এম আবদুল হালিম মিলানায়তনে আয়োজিত এ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, “পুলিশ সদস্যরা দিন-রাত পরিশ্রম করে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করছেন। এই ধরনের উৎসব তাদের মানসিক প্রশান্তি এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আগামীতে আরও বড় পরিসরে এমন আয়োজন করার পরিকল্পনা রয়েছে।”
ফল উৎসবে আম, লিচু, কাঁঠাল, জাম, আনারস, পেঁপে, কলা, তরমুজসহ মোট ৩৪ প্রকার গ্রীষ্মকালীন মৌসুমি ফল প্রদর্শন করা হয়। পরবর্তীতে ফলগুলো কুমিল্লা জেলার পুলিশ সদস্যদের মাঝে বিতরণ করা হয়।অনুষ্ঠানে পুনাক কুমিল্লার নেতৃবৃন্দ, পুলিশ কর্মকর্তা, সদস্য এবং তাঁদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন। সকলের অংশগ্রহণে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে।






