
[অনলাইন প্রতিবেদক]
রাজধানীর মিরপুরে অবস্থিত ডিএমপির ট্রেনিং একাডেমিতে বুধবার, ৪ জুন ২০২৫ সকালে ‘বেসিক ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) কোর্স’-এর সমাপনী অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সোয়াট টিমের ১৭ জন সদস্য এই কোর্সে অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণটি গত ৩ মে ২০২৫ থেকে শুরু হয়ে মিরপুর-১৪ এলাকায় অবস্থিত সোয়াট শ্যুট হাউসে ২৮ দিনব্যাপী অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারী সদস্যদের মধ্যে কনস্টেবল থেকে অতিরিক্ত পুলিশ কমিশনার পর্যায়ের কর্মকর্তারা ছিলেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিম। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম পুলিশ কমিশনার (ট্রেনিং) সুলতানা নাজমা হোসেন এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপ-পুলিশ কমিশনার (প্ল্যানিং, রিসার্চ অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট) মোহাম্মদ মাসুদ রানা। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ করা হয়।

ডিএমপি সূত্রে জানা যায়, রাষ্ট্রীয় সংকট মোকাবেলায় দ্রুত ও কার্যকর সাড়া দিতে সিটিটিসি ইউনিটের সোয়াট টিম নিয়মিত দেশ-বিদেশে আধুনিক ও সময়োপযোগী প্রশিক্ষণ গ্রহণ করে থাকে। এই প্রশিক্ষণ কোর্স ছিল সেই ধারাবাহিক উন্নয়নের একটি অংশ, যার মাধ্যমে সদস্যদের পেশাগত দক্ষতা আরও বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশ পুলিশের সাহস ও সক্ষমতার প্রতীক হিসেবে ডিএমপির এই ধরনের প্রশিক্ষণ কার্যক্রম জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলবে বলে আশা করা হচ্ছে।







