
[অনলাইন প্রতিবেদক]
২১ জুন ২০২৫ তারিখ শনিবার ভোররাতে খুলনা ও চুয়াডাঙ্গায় পৃথক দুটি অভিযানে সেনাবাহিনী অস্ত্র ও মাদকসহ মোট পাঁচজন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে সেনাবাহিনীর একটি টহল দল খুলনার টুটপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে কুখ্যাত ‘বুলবুল গ্রুপ’-এর ৪ সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ছয়টি গুলি, ১০৫ পিস ইয়াবা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
অপরদিকে, একই দিন ভোর ৬টার দিকে চুয়াডাঙ্গা সদর এলাকায় পরিচালিত পৃথক অভিযানে জেলার অন্যতম শীর্ষ সন্ত্রাসী মোঃ লিমন আলীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি গুলি এবং একাধিক দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের অভ্যন্তরীণ শান্তি ও নিরাপত্তা রক্ষায় তারা সর্বদা সচেষ্ট এবং এ ধরনের অভিযান চলমান থাকবে। জনগণকে অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জানানোর আহ্বান জানানো হয়েছে।







