
[অনলাইন প্রতিবেদক]
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সাধারণ মানুষের যাত্রা নিরাপদ রাখতে কুমিল্লা জেলা পুলিশের চেকপোস্টে চলাকালে গুলি ও ধস্তাধস্তির ঘটনায় তিনজন চিহ্নিত ছিনতাইকারীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। এসময় পুলিশের এক সদস্য আহত হন এবং একটি বিদেশি পিস্তল ও গুলিভর্তি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
ঘটনাটি ঘটে ৩ জুন ২০২৫, রাত ১০টা ৩৫ মিনিটে, কুমিল্লার টমছমব্রিজ এলাকায়। সদর দক্ষিণ মডেল থানার ইপিজেড পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) মোঃ খাজু মিয়া ও তার সঙ্গীয় ফোর্স গোপন তথ্যের ভিত্তিতে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালান। এ সময় কান্দিরপাড় থেকে পদুয়ারবাজার বিশ্বরোডগামী একটি সিএনজিতে থাকা তিনজন যাত্রীকে সন্দেহ হলে থামার সংকেত দেওয়া হয়।

তল্লাশির এক পর্যায়ে এক ছিনতাইকারী পুলিশকে লক্ষ্য করে অস্ত্র তাক করলে তাৎক্ষণিক পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন পুলিশ সদস্যরা। ধস্তাধস্তিতে এসআই খাজু মিয়া আহত হন। এরপর তিনজন ছিনতাইকারী—মোঃ খাইরুল হাসান (৩০), মোঃ রাকিবুল হাসান রিয়াদ (২৮) ও মোঃ সোহাগ মোল্লা (৩৫)—কে গ্রেফতার করা হয়। এসময় খাইরুল হাসানের ডান হাতে থাকা একটি বিদেশি পিস্তল এবং গুলি ভর্তি ম্যাগাজিন জব্দ করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিরা স্বীকার করেছে, তারা আসন্ন ঈদকে কেন্দ্র করে গরুর হাটে আগত ব্যবসায়ী ও ক্রেতাদের টার্গেট করে ছিনতাইয়ের পরিকল্পনা করছিল। তাদের সঙ্গীয় এক পলাতক আসামি ও সিএনজি চালক এই চক্রের সঙ্গে যুক্ত ছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় Arms Act, 1878 এর 19(A)/19(F) ধারায় মামলা রুজু করা হয়েছে (এফআইআর নং-০৮, তারিখ-০৪ জুন ২০২৫)। আদালতের নির্দেশে আসামীদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ধৃত তিনজনের বিরুদ্ধে কুমিল্লাসহ দেশের বিভিন্ন থানায় মোট ৭০টিরও বেশি মামলা রয়েছে:
- খাইরুল হাসান: ৪০টি মামলা
- রাকিবুল হাসান রিয়াদ: ১৬টি মামলা
- সোহাগ মোল্লা: ১৪টি মামলা
কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, ঈদকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদারে সারা জেলায় চেকপোস্ট, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিতে পুলিশের প্রতি সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।






