
[অনলাইন প্রতিবেদক]
আসন্ন পবিত্র ঈদুল আযহা-২০২৫ উপলক্ষে ফরিদপুর জেলার বিভিন্ন কোরবানির পশুর হাটে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল, পিপিএম। ৪ জুন ২০২৫, বুধবার কতোয়ালী থানাধীন সি অ্যান্ড বি ঘাট এলাকার পশুর হাট পরিদর্শনের সময় তিনি ইজারাদার, গরু বিক্রেতা ও ক্রেতাদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার বলেন, “পশুর হাটে কোনো ধরনের দালালি, প্রতারণা বা জাল টাকা লেনদেন বরদাশত করা হবে না। গরু ক্রয়-বিক্রয়ের সময় কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে হবে।” তিনি আরও জানান, হাটে জাল টাকা শনাক্তকরণে মেশিন রাখা হয়েছে এবং প্রয়োজনে সবার সহযোগিতা পাওয়া যাবে।
তিনি ইজারাদারদের যথাযথ দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে বলেন, হাটে আগত ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে সদাচরণ নিশ্চিত করতে হবে এবং কোনো বিশৃঙ্খলা হলে পুলিশ দ্রুত ব্যবস্থা নেবে।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন, পিপিএম এবং জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
ফরিদপুর জেলা পুলিশ জানিয়েছে, ঈদ সামনে রেখে পশুর হাটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক টহল ও নজরদারি অব্যাহত থাকবে। হাটে আগত সবাইকে সতর্ক থাকার পাশাপাশি যেকোনো প্রয়োজনে ৯৯৯ নম্বরে কল করার পরামর্শ দেওয়া হয়েছে।






