
[অনলাইন প্রতিবেদক]
রাজশাহীতে ৪২ তম ব্যাচের মনোনীত ক্যাডেট সাব-ইন্সপেক্টরদের নিয়ে এক আনুষ্ঠানিক ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী জেলা পুলিশের আয়োজনে ৭ জুলাই ২০২৫ তারিখ সোমবার সকাল ১১টায় রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের লাইন্সের ড্রিলশেডে এ ব্রিফিং প্যারেডের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি। সভাপতিত্ব করেন রাজশাহী জেলার পুলিশ সুপার ফারজানা ইসলাম। ব্রিফিং অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের পুলিশ সুপার (প্রশাসন) মোঃ শাহজাহান মিয়া, পুলিশ সুপার (ক্রাইম) আফরুজুর রহমান টুটুল, ও জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে সদ্য নিয়োগপ্রাপ্ত ক্যাডেট সাব-ইন্সপেক্টরদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদেরকে উপহার প্রদান করা হয়। পাশাপাশি তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন কর্মকর্তারা।
ডিআইজি মোহাম্মদ শাহজাহান তাঁর বক্তব্যে নতুন ক্যাডেটদের সততা, দেশপ্রেম এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পুলিশ সুপার ফারজানা ইসলাম নবীন কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “আপনারা পুলিশের ভবিষ্যৎ, দেশ ও জনগণের সেবায় নিজেদের নিবেদিত করতে হবে।”
এই ব্রিফিং অনুষ্ঠানের মাধ্যমে রাজশাহীতে নতুন প্রজন্মের পুলিশ কর্মকর্তাদের জন্য একটি অনুপ্রেরণামূলক সূচনা ঘটে।







