
[অনলাইন প্রতিবেদক]
কোতোয়ালী মডেল থানাধীন শামিমাবাদ এলাকায় লন্ডন প্রবাসী সোহেল বেগের ৫তলা বাড়ি অবৈধ দখলমুক্ত করায় সিলেট মেট্রোপলিটন পুলিশকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে এক সভার আয়োজন করা হয়েছে। ১ জুলাই ২০২৫ তারিখ মঙ্গলবার বিকেল ৪টায় সিলেট নগরীর মাতৃমহল হলিভিউ-এ আয়োজিত এ অনুষ্ঠানে সোহেল বেগ ও তাঁর পরিবারবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম পিপিএম-সেবা। তিনি বলেন, “প্রবাসীদের রেমিট্যান্স আমাদের দেশের অর্থনীতির মেরুদণ্ড। তাদের সম্পদ রক্ষা করা আমাদের দায়িত্ব। তদন্তে দেখা গেছে, অভিযুক্তরা জালিয়াতির মাধ্যমে বাড়ির হোল্ডিং নম্বর পরিবর্তন করে ‘হোয়াইট হাউজ’ নাম দিয়ে দখল করে রেখেছিল। যথাযথ কাগজপত্র যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত মালিককে তার সম্পত্তি ফিরিয়ে দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা চাই সুশাসনের ধারাকে অব্যাহত রেখে জনগণের পুলিশ হিসেবে কাজ করতে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে সমাজ থেকে মাদক, জুয়া ও অশ্লীলতা নির্মূলে সবাইকে একসাথে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, এসএমপির কর্মকর্তাগণ, প্রবাসীর আত্মীয়-স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা সবাই সিলেট মেট্রোপলিটন পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। উল্লেখ্য, প্রবাসী সোহেল বেগের স্বত্বাধীন বাড়িটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখলে ছিল। আইনগত প্রক্রিয়া ও পুলিশের সক্রিয় তৎপরতায় সেটি দখলমুক্ত হয়।






