
ঢাকা-১৮ আসনে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত
উন্নয়ন, কর্মসংস্থান ও ন্যায়বিচার ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি
[নিজস্ব প্রতিবেদক]
ঢাকা-১৮ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের নির্বাচনী প্রচারণা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) রাত ৮টায় রাজধানীর দক্ষিণখান থানার অন্তর্ভুক্ত নগরিয়াবাড়ি এলাকায় এই নির্বাচনী সমাবেশের আয়োজন করা হয়।

দক্ষিণখান থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আমিরুল ইসলাম বাবলুর উদ্যোগে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক জনাব হেলাল তালুকদার। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা-১৮ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব এস এম জাহাঙ্গীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আক্তার হোসেন এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য জনাব আলী আকবর আলী। সমাবেশে দক্ষিণখান থানা বিএনপি, বিভিন্ন ওয়ার্ড বিএনপি এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তব্যে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন,
“ঢাকা-১৮ আসনের জনগণ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও ন্যায়বিচার থেকে বঞ্চিত। এই এলাকার মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত অবস্থায় জীবনযাপন করছে। আমি নির্বাচিত হলে জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষিণখানসহ পুরো ঢাকা-১৮ আসনের সার্বিক উন্নয়নে কাজ করব।”
তিনি আরও বলেন, বিএনপি জনগণের দল এবং জনগণের শক্তিতেই এই আন্দোলন ও নির্বাচন এগিয়ে নেওয়া হবে। এ সময় তিনি সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা, সমর্থন ও দোয়া কামনা করেন।
স্থানীয় বিএনপি নেতারা জানান, শান্তিপূর্ণ ও গণমুখী কর্মসূচির মধ্য দিয়ে আগামী দিনগুলোতে নির্বাচনী প্রচারণা আরও জোরদার করা হবে এবং ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে গণসংযোগ চালানো হবে।







