
[অনলাইন প্রতিবেদক]
বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের ৫০ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের শিক্ষার্থীরা ৭ জুলাই ২০২৫ তারিখ সোমবার দুপুর ২টা ৩০ মিনিটে রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোহাম্মদ শাহজাহানের কার্যালয় পরিদর্শন করেন।
রেঞ্জ ডিআইজির কার্যালয়ের “পদ্মা” কনফারেন্স হলে অনুষ্ঠিত এই বিশেষ অনুষ্ঠানে ডিআইজি মোহাম্মদ শাহজাহান প্রশিক্ষণার্থীদের সাথে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের সফল প্রশিক্ষণের জন্য শুভেচ্ছা ও উপহার প্রদান করেন।
ডিআইজি তার বক্তব্যে রাজশাহী রেঞ্জের পুলিশের দীর্ঘ ইতিহাস, বিভিন্ন ধরনের পুলিশের কার্যক্রম এবং সাম্প্রতিক সময়ের চ্যালেঞ্জ ও তাদের মোকাবেলার জন্য গ্রহনকৃত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি জানান, পুলিশের কাজ শুধু আইন প্রয়োগ নয়, পাশাপাশি সমাজে নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠায় তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
প্রশিক্ষণার্থীরা পুলিশ বাহিনীর কাজকর্ম, আধুনিক প্রযুক্তি ব্যবহারের ধারা এবং জনগণের সেবা নিশ্চিত করার প্রচেষ্টা সম্পর্কে প্রশ্ন করেন এবং ডিআইজি তাদের উত্তর দেন।
এই সময় রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার (প্রশাসন), পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট)সহ রাজশাহী রেঞ্জে কর্মরত উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উভয় পক্ষের মধ্যে এই অভিজ্ঞতা বিনিময় ভবিষ্যতে বিচার প্রশাসন ও পুলিশ বিভাগে সমন্বয় বৃদ্ধি এবং দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে প্রত্যাশা করা হয়।






