
[অনলাইন প্রতিবেদক]
স্কাউটিংয়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতের পৃথিবী গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ২৩ জুন ২০২৫ তারিখ সোমবার সকাল সাড়ে ১১টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ স্কাউটস-এর দেশব্যাপী আয়োজন ‘কাব কার্নিভাল’-এর উদ্বোধন এবং ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা বলেন, “আজকের দিনটি শুধু বাংলাদেশের জন্য নয়, গোটা বিশ্বের স্কাউটিং ইতিহাসে একটি গৌরবের দিন। যে আটজন স্কাউট দেশের জন্য জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগ আমাদের ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই আত্মত্যাগ পৃথিবীর স্কাউটিং ইতিহাসে বিরল ঘটনা।”

পুরস্কারপ্রাপ্ত স্কাউটদের উদ্দেশে তিনি বলেন, “দরজা বন্ধ বলে আক্ষেপ করে বসে থাকলে হবে না। যেহেতু তোমরা অনেকদূর এগিয়ে এসেছো, এখন তোমাদের দায়িত্ব হলো অন্যদের জন্য সেই দরজা খুলে দেওয়া।”
প্রফেসর ইউনূস তাঁর ছাত্রজীবনের স্কাউটিং অভিজ্ঞতা স্মরণ করে জানান, ১৯৫৫ সালে মাত্র ১৫ বছর বয়সে তিনি দশম বিশ্ব বয় স্কাউট জাম্বুরিতে অংশ নিতে কানাডা গিয়েছিলেন এবং সেই অভিজ্ঞতা তাঁর জীবনের বাঁক বদলে দিয়েছিল।
তিনি বলেন, “স্কাউটিং শুধু বিশ্বকে আবিষ্কারের সুযোগ দেয় না, নিজের ভেতরটাকেও নতুনভাবে চেনার পথ খুলে দেয়। সেই অভিজ্ঞতা নিয়েই ভবিষ্যতের পৃথিবী গড়ে তুলতে হবে।”
অনুষ্ঠানে দেশের ৪৯৫টি উপজেলা, ৫টি মেট্রোপলিটন, ৫টি উপ-এলাকা এবং ২২টি বিশেষ স্কাউট জেলা মিলিয়ে মোট ৫২৭টি স্থানে একযোগে কাব কার্নিভাল এবং শাপলা কাব অ্যাওয়ার্ড বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

প্রধান উপদেষ্টা আজ “শাপলা কাব অ্যাওয়ার্ড” বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। একইসঙ্গে, ২০২৫ সালের জুলাই আন্দোলনে শহীদ হওয়া আটজন স্কাউটের সাহসিকতার স্বীকৃতিস্বরূপ তাঁদের পরিবারকে ‘গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।
গ্যালান্ট্রি অ্যাওয়ার্ডপ্রাপ্ত শহীদ স্কাউটরা হলেন: মীর মাহফুজুর রহমান মুগ্ধ, রোহান আহমেদ খান, তাঞ্জির খান মুন্না, শরিফ উদ্দিন আহমেদ আহনাফ, মাহবুব আলম, গোলাম নাফিজ, তাহির জামান প্রিয় এবং আরিফুল ইসলাম সাদ। তাঁদের পরিবারের সদস্যরা প্রধান উপদেষ্টার হাত থেকে এ সম্মাননা গ্রহণ করেন। বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম বিভাগ ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এই কাব কার্নিভাল দেশের স্কাউটিং আন্দোলনে একটি নতুন মাত্রা যুক্ত করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।







