[নিজস্ব প্রতিবেদক]
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে শনিবার (২৮ মে ২০২৫) বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) সদরদপ্তরের সম্মেলন কক্ষে এক আইন-শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ শফিকুল ইসলাম।
সভায় তিনি বলেন, “জনগণের প্রত্যাশা আমরা পূরণ করব।” ঈদকে কেন্দ্র করে নগরবাসীর নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে পরিবহন খাত, ট্রাফিক ব্যবস্থাপনা, নির্ধারিত যাত্রী ভাড়া, যানজট নিরসন, পশুর হাটের নিয়ন্ত্রণ, অজ্ঞান পার্টি থেকে সুরক্ষা, সিসিটিভির ব্যবহার, জাল টাকা শনাক্তকরণ বুথ স্থাপন, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং অগ্নি নির্বাপন ব্যবস্থা—এ সকল বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন তিনি।

পুলিশ কমিশনার আরও বলেন, “পরিবহন সেক্টর ও পশুর হাটে চাঁদাবাজি বরদাশত করা হবে না, এ ধরণের অভিযোগ পেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব খন্দকার মোঃ শামীম হোসেন, উপ-পুলিশ কমিশনার (উত্তর/সদর দপ্তর/ডিবি) জনাব সুশান্ত সরকার, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাম্মদ ইমদাদ হুসাইন এবং বিএমপি’র চার থানার অফিসার ইনচার্জগণসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সভায় ঈদের জামায়াত নির্বিঘ্নে সম্পন্ন করা, মার্কেট ও যাত্রীবাহী লঞ্চে নিরাপত্তা নিশ্চিতকরণ, মেডিকেল টিম ও ব্যাংকিং সেবা চালু রাখা এবং পুলিশ কন্ট্রোল রুম সক্রিয় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
বিএমপি’র এ উদ্যোগ নগরবাসীর নিরাপদ, সুশৃঙ্খল ও আনন্দময় ঈদ উদযাপনে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।







