
[অনলাইন প্রতিবেদক]
ঈদে মুক্তিপ্রাপ্ত আইস্ক্রিনের থ্রিলার ড্রামা ‘পাপ কাহিনী’-তে রুনা খান অভিনয় করেছেন জীবনের দুই বিপরীতধর্মী স্তরে। শাহরিয়ার নাজিম জয়ের নির্মাণে প্রেম, পাপ ও প্রতিশোধের গল্প উঠে এসেছে বাস্তবতার ছাপ নিয়ে।

রুনা খান ‘পাপ কাহিনী’ সিরিজে তুলে ধরেছেন এক নারীর জীবনের দুই ভিন্ন অধ্যায়- গ্রামের সরল গৃহবধূ থেকে শহরের আত্মপ্রত্যয়ী নারী হয়ে ওঠা। চরিত্রের এই রূপান্তরই তাকে নিয়ে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সিরিজে রুনা খানের চরিত্রের নাম রূপা, যিনি গ্রামের একজন সাধারণ নারী হিসেবে গল্পে প্রবেশ করেন। সময়ের সাথে সাথে তার চরিত্র হয়ে ওঠে আধুনিক শহুরে নারী ‘বাবলি’। এই দুই লুকেই রুনা খান অভিনয় করেছেন দারুণ মুন্সিয়ানায়। একদিকে রয়েছে দাম্পত্য জীবনের অসহায়তা ও ত্যাগ, অন্যদিকে আত্মনির্ভরশীলতার বিস্ফোরণ।
রুনা খান বলেন, “এই চরিত্রে দুটো আমিকে তুলে ধরেছি। গ্রামের রূপা খুব সহজ, খুব নিঃস্বার্থ। কিন্তু শহরের বাবলি হয়ে ওঠার মধ্যে যে ভাঙন, প্রতিশোধ আর আত্মমর্যাদার টানাপড়েন, তা অভিনয়ের জন্য দারুণ চ্যালেঞ্জিং ছিল।”

পরিচালনা ও চিত্রনাট্য করেছেন শাহরিয়ার নাজিম জয়, ৯ জুন ২০২৫ তারিখ আইস্ক্রিনে মুক্তি পেয়েছে শাহরিয়ার নাজিম জয়-এর পরিচালনায় সাইকোলজিক্যাল থ্রিলার-ড্রামা ‘পাপ কাহিনী’। অভিনয়ে রুনা খান, জয়, তানজিয়া জামান মিথিলা, মৌসুমি মৌ প্রমুখ সহ আরো অভিনেতা ও অভিনেত্রীরা। সিরিজের প্রতিটি পর্বই ধীরে ধীরে উন্মোচন করে চরিত্রের ভেতরের জটিলতা- বিশ্বাসঘাতকতা, মানসিক নিপীড়ন এবং অবদমন থেকে মুক্তির সংগ্রাম।
নির্মাতা জয় জানিয়েছেন, “এই গল্প শুধু ‘পাপ’ নিয়ে নয়—এটি পাপের জন্ম, দায় এবং মুক্তির সন্ধান করে।”

১ জুন প্রকাশিত ট্রেলার ইতিমধ্যে ইউটিউবে ও ফেসবুকে হাজার হাজার ভিউ পেয়েছে। “রুনা খানের দুই রূপ”, “জয়ের ডার্ক স্ক্রিপ্ট”, “গল্পের বাস্তবতা”– এমন নানা মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় চলছে বিস্তর আলোচনা।বিশেষ করে, রুনা খানের সংলাপ- “পাপ করিনি আমি, আমার ওপর পাপ চাপিয়ে দেওয়া হয়েছে।” এই ডায়ালগটি রীতিমতো দর্শকদের নাড়া দিয়েছে।
‘পাপ কাহিনী’ শুধু এক নারীর গল্প নয়—এটি একটি সামাজিক প্রতিচ্ছবি, যেখানে পাপ কারও একার নয়; বরং তা সমাজের গঠিত চাপ, বিশ্বাসঘাতকতা এবং প্রত্যাঘাতের ফল। রুনা খানের অভিনয় সিরিজটিকে অন্য মাত্রায় নিয়ে গেছে, যা ঈদের ওয়েব কনটেন্টে অন্যতম আলোচিত ও প্রশংসিত কাজ হিসেবে স্থান করে নিচ্ছে।







