
[অনলাইন প্রতিবেদক]
যশোরে সুপেয় পানি সংকট নিরসনে পুকুর, খাল ও জলাশয় খনন প্রকল্প বাস্তবায়নে নানাবিধ অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, যশোর-এর একটি এনফোর্সমেন্ট টিম ২৪ জুন ২০২৫ তারিখ মঙ্গলবার অভিযান পরিচালনা করেছে।
অভিযানকালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, যশোর-এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে “যশোরে সুপেয় পানি প্রকল্প” সংক্রান্ত গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র জব্দ করা হয়। অভিযান পরিচালনার সময় টিমের সঙ্গে উপস্থিত ছিলেন নিরপেক্ষ প্রকৌশলী প্রতিনিধি দল, জেলা পরিষদ যশোর-এর প্রতিনিধি এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা।
প্রকল্পের আওতায় খননকৃত ২৩টি পুকুর ও জলাশয়ের মধ্যে ৩টি পুকুর সরেজমিনে পরিদর্শন করা হয়। প্রাথমিক পর্যবেক্ষণে প্রকল্প বাস্তবায়নে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে বলে এনফোর্সমেন্ট টিম জানিয়েছে।অভিযান-পরবর্তী পর্যায়ে প্রকল্প সংশ্লিষ্ট সকল রেকর্ডপত্র বিশ্লেষণ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে কমিশনের নিকট পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে বলে জানান দুদকের কর্মকর্তারা। স্থানীয়ভাবে এই প্রকল্পের অনিয়ম নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ উঠছিল। এনফোর্সমেন্ট টিমের এই উদ্যোগে প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের প্রত্যাশা করছে এলাকাবাসী।







