
[সুমন মুন্সী, বিশেষ প্রতিনিধি]
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টাবৃন্দ ২২ জুন ২০২৫ তারিখ রবিবার বিকাল ৩টা ৩০ মিনিটে মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার মাওয়া শিমুলিয়া ঘাট এলাকা পরিদর্শন করেন এবং পরবর্তীতে বিআইডব্লিউটিএর ড্রেজার বেইস সম্মেলন কক্ষে এক বিশেষ উন্নয়ন মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব শেখ বশিরউদ্দীন এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
মতবিনিময় সভায় মাওয়া শিমুলিয়া ঘাট এলাকায় মাস্টার প্ল্যানভিত্তিক একটি আন্তর্জাতিক মানের আইসিটি ও ইকো-গ্রীণ পোর্ট এবং আধুনিক ওয়াটার পার্ক নির্মাণের পরিকল্পনা ও বাস্তবায়ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। উপদেষ্টারা এ প্রকল্পকে নদীভিত্তিক পর্যটন, পরিবেশবান্ধব উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির একটি বড় সুযোগ হিসেবে দেখেন।
সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান, ঢাকা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল করিম মল্লিক, নৌপুলিশের ডিআইজি মোঃ মিজানুর রহমান, মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত এবং মুন্সিগঞ্জের পুলিশ সুপার মোঃ শামসুল আলম সরকার। এই মতবিনিময় সভা ঘিরে স্থানীয় প্রশাসন ও জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ ও আশাবাদ লক্ষ্য করা যায়, যা ভবিষ্যতে এ অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মন্তব্য করেন।






