
[অনলাইন প্রতিবেদক]
২৪ জুন ২০২৫ তারিখ মঙ্গলবার বাংলাদেশ ইউনিভার্সিটির আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মুনতাসির রাব্বি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আয়োজিত “রোড সেফটি স্লোগান কনটেস্ট ২০২৫”-এ দ্বিতীয় স্থান অর্জন করে “অতিরিক্ত ডিএমপি কমিশনার অ্যাওয়ার্ড” লাভ করেছেন।
ডিএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ঢাকা শহরের ১৬টি বিদ্যালয় ও ১১টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। মুনতাসির রাব্বির প্রতিযোগিতামূলক স্লোগান ছিল, “ট্রাফিক আইন মেনে চলবো, নিজেই নিজের সুরক্ষা হবো।” এই স্লোগানের মাধ্যমে তিনি সড়ক নিরাপত্তার গুরুত্ব ও সচেতনতার বার্তা ছড়িয়ে বিচারকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন।
প্রতিযোগিতাটি ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রকল্পের অংশ হিসেবে ডিএমপি ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) যৌথভাবে আয়োজন করে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা ও দায়িত্বশীল আচরণের সচেতনতা বৃদ্ধি করা হয়।
বাংলাদেশ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম মুনতাসির রাব্বিকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে এ ধরণের সফলতার ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা প্রকাশ করেন।







