
[অনলাইন প্রতিবেদক]
দীর্ঘ কর্মজীবন শেষে পিরোজপুর জেলা পুলিশের সিনিয়র উপ-পরিদর্শক (এসআই-সঃ) মো. হুমায়ন কবির বাংলাদেশ পুলিশ থেকে পিআরএল (অবসর পূর্ব লব্ধ ছুটি) গ্রহণ করেছেন। এ উপলক্ষে ২২ জুন ২০২৫ রবিবার পিরোজপুর পুলিশ লাইন্সে এক হৃদয়স্পর্শী বিদায় সংবর্ধনার আয়োজন করে জেলা পুলিশ।
অনুষ্ঠানে বিদায়ী অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন পিরোজপুরের সম্মানিত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের। এসময় তাকে ফুল ও বেলুন দিয়ে সুসজ্জিত গাড়িতে করে ঘরে পৌঁছে দেওয়া হয়, যা এই বিদায়কে করে তোলে স্মরণীয় ও অনন্য।

পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, “আপনাদের মত নিষ্ঠাবান সহকর্মীদের অবদানকে বাংলাদেশ পুলিশ কৃতজ্ঞচিত্তে স্মরণ করে। আপনারা আমাদের অনুপ্রেরণা।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবদুল আউয়াল, অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মোঃ শাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) সাবিহা মেহেবুবা, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) বায়োজীদ ইসলাম, পিরোজপুর জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ, ট্রাফিক ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর, আরআই পুলিশ লাইন্স, আরও-১ রিজার্ভ অফিস, সিভিল স্টাফসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা।
এসআই মো. হুমায়ন কবিরের প্রতি সম্মান জানিয়ে এই আয়োজনের মধ্য দিয়ে তার দীর্ঘ কর্মজীবনের পরিসমাপ্তিকে স্মরণীয় করে রাখে জেলা পুলিশ পিরোজপুর।







