
[অনলাইন প্রতিবেদক]
পিরোজপুর জেলা পুলিশের আইসিটি এন্ড মিডিয়া শাখার তথ্যপ্রযুক্তি-নির্ভর উদ্যোগে জেলার বিভিন্ন থানা থেকে হারিয়ে যাওয়া মোট ২৬টি মোবাইল ফোন ও একটি হ্যাক হওয়া ফেসবুক আইডি উদ্ধার করে ২৩ জুন ২০২৫ তারিখ মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় পিরোজপুর জেলা পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের-এর সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা পুলিশের আইসিটি এন্ড মিডিয়া শাখার সহায়তায় এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্ধারকৃত মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যম একাউন্টগুলো প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়া হয়।

পুলিশ জানায়, জেলার বিভিন্ন থানায় করা সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করে তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন জেলা থেকে উদ্ধার করা হয় এসব স্মার্টফোন ও অ্যাকাউন্ট। উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলোর মধ্যে রয়েছে Vivo, Redmi, Samsung, Oppo, Realme সহ অন্যান্য নামিদামি ব্র্যান্ডের ডিভাইস।
উদ্ধার মোবাইলগুলোর মধ্যে সদর থানা থেকে ৬টি, ইন্দুরকানী থানা থেকে ৫টি, মঠবাড়ীয়া থানা থেকে ৬টি, নাজিরপুর থানা থেকে ৪টি, কাউখালী থানা থেকে ১টি এবং ভান্ডারিয়া থানা থেকে ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এছাড়া উদ্ধারকৃত তিনটি ফেইক ফেসবুক আইডি ও একটি হ্যাক হওয়া আসল আইডি নিরাপদভাবে ফেরত দেওয়া হয় সংশ্লিষ্ট ভুক্তভোগীদের।
ফোন ও আইডি ফিরে পেয়ে ভুক্তভোগীরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। জেলা পুলিশ সুপার জানান, জনগণের নিরাপত্তা ও সেবায় জেলা পুলিশের এই ধরনের অভিযান চলমান থাকবে এবং ভবিষ্যতেও আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। পিরোজপুর জেলা পুলিশ সবসময় সাধারণ মানুষের পাশে থেকে আইন-শৃঙ্খলা রক্ষায় অগ্রণী ভূমিকা রেখে চলেছে।







