
[অনলাইন প্রতিবেদক]
পিরোজপুর জেলা পুলিশের মে ২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভা ২২ জুন ২০২৫ তারিখ রবিবার অনুষ্ঠিত হয়েছে আজ রবিবার সকালে জেলা পুলিশ লাইন্সের কনফারেন্স রুমে। পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরের সভাপতিত্বে আয়োজিত এ সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মামলার অগ্রগতি এবং সামাজিক অপরাধের চিত্র তুলে ধরা হয়।
সভায় পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে মে মাসের অপরাধ পরিসংখ্যান ও বিশ্লেষণ তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবদুল আউয়াল। সভায় ওয়ারেন্ট তামিল, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, চুরি, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধের তদন্ত ও রহস্য উদঘাটনের বিষয় নিয়ে বিশদ আলোচনা হয়।
পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের বলেন, “সাধারণ মানুষ যাতে হয়রানি ছাড়া তাৎক্ষণিক প্রত্যাশিত সেবা পায়, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। একইসঙ্গে বিট পুলিশিং সভা, উঠান বৈঠক এবং জনপ্রতিনিধি ও সুধীজনদের সঙ্গে নিয়মিত আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়ের মাধ্যমে জনসম্পৃক্ত পুলিশিং চালিয়ে যেতে হবে।” তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, দেশপ্রেম, পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে সাধারণ জনগণের আস্থা অর্জন করতে হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মোঃ শাখাওয়াত হোসেন, সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) সাবিহা মেহেবুবা, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) বায়োজীদ ইসলাম, জেলার সব থানার অফিসার ইনচার্জ, ট্রাফিক ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর, সিভিল স্টাফসহ বিভিন্ন স্তরের পুলিশ সদস্যবৃন্দ। পুলিশ সুপার তার বক্তব্যে পুলিশ বাহিনীর পেশাদারিত্ব ও দায়বদ্ধতা বৃদ্ধির পাশাপাশি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার আহ্বান জানান।






