
[অনলাইন প্রতিবেদক]
পিরোজপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ২২ জুন ২০২৫ তারিখ রবিবার অনুষ্ঠিত হয়েছে পুলিশ লাইন্স ড্রিলশেডে। সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) বায়োজীদ ইসলাম।
সভায় জেলার বিভিন্ন থানা ও ইউনিট থেকে আগত পুলিশ সদস্যরা তাদের পেশাগত সমস্যা ও চাহিদা উপস্থাপন করেন। পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের সংশ্লিষ্ট অফিসারদের সমস্যাগুলোর দ্রুত ও কার্যকর সমাধানের নির্দেশ দেন। তিনি বলেন, পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে নিয়মিত ছুটি, মানসম্মত আবাসন, পরিচ্ছন্নতা, চিকিৎসা, ও খাদ্য ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, “দেশপ্রেম, পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে, যাতে সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা ও ভালোবাসা গড়ে ওঠে।” পাশাপাশি পুলিশের শৃঙ্খলা, নৈতিকতা এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার ওপর জোর দেন তিনি। সভা শেষে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন পুলিশ সুপার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবদুল আউয়াল, অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মোঃ শাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) সাবিহা মেহেবুবা, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ট্রাফিক ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর, আরআই পুলিশ লাইন্স, আরও-১ রিজার্ভ অফিস, সিভিল স্টাফসহ পিরোজপুর জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ। পিরোজপুর জেলা পুলিশের এই উদ্যোগ পেশাদার পুলিশিং ও সদস্যদের মনোবল বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।






