
[অনলাইন প্রতিবেদক]
বাংলাদেশ নেভাল একাডেমিতে ২২ জুন ২০২৫ তারিখ রবিবার অনুষ্ঠিত হলো নৌবাহিনীর মিডশিপম্যান ২০২২-বি ব্যাচ এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার ২০২৫-এ ব্যাচের গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। অনুষ্ঠানে কমিশনপ্রাপ্ত নবীন কর্মকর্তাদের মধ্যে ০৮ জন নারী এবং ০৪ জন বিদেশি কর্মকর্তাও অংশগ্রহণ করেন, যা নৌবাহিনীর বৈচিত্র্যময় ও অন্তর্ভুক্তিমূলক কাঠামোর প্রতিফলন।

কুচকাওয়াজ শেষে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অর্জনের জন্য নবীন কর্মকর্তাদের মাঝে পদক বিতরণ করেন সেনাবাহিনী প্রধান।
মিডশিপম্যান মেহেদী হাসান মৃধা সকল বিষয়ে সর্বোচ্চ চৌকসতার জন্য ‘সোর্ড অব অনার’ অর্জন করেন।
‘নৌ প্রধান স্বর্ণপদক’ লাভ করেন মিডশিপম্যান মোঃ মেহেরাব হক টনি এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার এ্যাক্টিং সাব লেফটেন্যান্ট রাজীব দত্ত পান ‘বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্বর্ণপদক’।
বিদেশি প্রশিক্ষণার্থীদের মধ্যে, সুদানের মিডশিপম্যান আবু হুরায়রা ‘বিএনএ আন্তর্জাতিক স্বর্ণ পদক’ অর্জন করেন।
অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান নবীন কর্মকর্তাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা, আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং মানবিক সহায়তার মতো জাতীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সদা প্রস্তুত থাকার নির্দেশনা দেন। তিনি তাদের সততা, দেশপ্রেম ও আত্মত্যাগের চেতনায় উজ্জীবিত হয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নবীন কর্মকর্তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
নতুন এই কর্মকর্তারা ভবিষ্যতে বাংলাদেশ নৌবাহিনীকে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং ত্রিমাত্রিক বাহিনী হিসেবে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়ে শপথ নেন।







