
[অনলাইন প্রতিবেদক]
পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), নোয়াখালী শাখার উদ্যোগে আজ এক বিশেষ বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২১ জুন ২০২৫ তারিখ শনিবার দুপুর ২টা ৪০ মিনিটে নোয়াখালী পুলিশ লাইন্স প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনাক সভানেত্রী আজমীরা পারভীন। তাঁর নেতৃত্বে পুলিশ লাইন্স এলাকার ফলজ চত্বরে বিভিন্ন জাতের ফলের চারা রোপণ করা হয়। একইসঙ্গে পুলিশ লাইন্সের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয় পরিবেশ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ-আল-ফারুক। তিনি বলেন, “এই ধরনের উদ্যোগ পরিবেশ রক্ষা ও স্বনির্ভরতা অর্জনের পথে আমাদের এক ধাপ এগিয়ে নেবে। পুনাকের এই মহৎ উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবিদার।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা, পুনাক সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এই কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ এবং সম্পদ ব্যবস্থাপনায় পুলিশের সমাজকল্যাণমূলক ভূমিকারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হলো।






