
[অনলাইন প্রতিবেদক]
১৭ জুন ২০২৫ তারিখ সাতক্ষীরার দেবহাটা থানার পুলিশের বিশেষ অভিযানে ৭৯১ পিস ইয়াবা ট্যাবলেট ও দেশীয় অস্ত্রসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের নির্দেশনায় এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
মঙ্গলবার (১৭ জুন ২০২৫) রাত আনুমানিক ৪টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানাধীন উত্তর কুলিয়ায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। অভিযানে অংশ নেন এসআই (নিঃ) শরিফুল ইসলাম, এসআই দেলোয়ার হোসেন এবং এএসআই মোঃ লিয়াকত আলীসহ সঙ্গীয় ফোর্স।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন,
১। মোঃ দেলোয়ার হোসেন শাওন (৩৯), পিতা-আসাদুল হক, গ্রাম-কুলিয়া, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরা।
২। কামানুর গাজী (৩৬), পিতা-মৃত করিম গাজী, গ্রাম ও পোস্ট-পানিতর, থানা-বশিরহাট, জেলা-উত্তর চব্বিশ পরগণা, দেশ-ভারত।
দেলোয়ার হোসেন শাওনের বসতবাড়ির শয়নকক্ষ থেকে তল্লাশি চালিয়ে পুলিশ ৭৯১ পিস ইয়াবা ট্যাবলেট এবং তিনটি দেশীয় অস্ত্র; একটি রামদা, একটি চাইনিজ কুড়াল এবং একটি চাকু উদ্ধার করে।
এ ঘটনায় দেবহাটা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত দুই আসামিকে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
দেবহাটা থানা পুলিশ জানায়, মাদক ও অস্ত্রবিরোধী কার্যক্রমে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে তারা। সাতক্ষীরা জেলাকে মাদকমুক্ত রাখতে পুলিশের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।






