
[অনলাইন প্রতিবেদক]
চট্টগ্রাম আইনজীবী সমিতির সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট মোঃ ইউসুফের দায়ের করা অভিযোগের ভিত্তিতে চট্টগ্রামে অভিযান চালিয়ে প্রতারক চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে সিএমপির গোয়েন্দা শাখা। নিজেকে ডিবি অফিসার পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে বিকাশের মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে অভিযুক্ত আবুল হোসেন সোহেল (৩৬)–কে গ্রেফতার করা হয়।
সিএমপি সূত্রে জানা যায়, গত ১৯ মে ২০২৫ তারিখে একটি অপরিচিত নম্বর থেকে অ্যাডভোকেট ইউসুফের ভাই জহিরুল ইসলামের মোবাইলে কল করে নিজেকে চট্টগ্রাম ডিবির প্রধান পরিচয় দিয়ে মিথ্যা মামলায় জড়ানোর ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। একই নম্বরে অভিযোগকারী ইউসুফ কল দিলে তাকেও ভয় দেখিয়ে বিকাশে একাধিক ধাপে ২ লক্ষ ৪৪ হাজার টাকা আদায় করা হয়। পরে আরও অর্থ দাবি করলে অভিযোগকারীর সন্দেহ হয় এবং তিনি সরাসরি সিএমপি গোয়েন্দা শাখার দ্বারস্থ হন।

সিএমপির মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগের পুলিশ পরিদর্শক মোঃ মুজিবর রহমানের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল অনুসন্ধান চালিয়ে ৪ জুন ২০২৫ তারিখে চট্টগ্রাম জেলার পটিয়া থানাধীন ইয়াকুবদন্ডি ইউনিয়নের নয়ারহাট এলাকা থেকে মূল হোতা আবুল হোসেন সোহেলকে গ্রেফতার করে। তার হেফাজত থেকে প্রতারণায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও সিম উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত সোহেল প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার বিষয়টি স্বীকার করেছে এবং জানিয়েছে, সে দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে সাধারণ মানুষ, আইনজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে মামলা-ভীতির মাধ্যমে টার্গেট করে অর্থ আদায় করে আসছে। সিএমপির তদন্তে আরও জানা যায়, এই চক্রের ফাঁদে পড়ে আরও অনেকেই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
আসামির বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ইতিমধ্যে তিনটি মামলা রয়েছে। প্রতারক চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। সিএমপি সকল নাগরিককে এ ধরনের প্রতারণার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছে।







