
[অনলাইন প্রতিবেদক]
রংপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি সফল অভিযানে গংগাচড়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। গত ২২ জুন ২০২৫ তারিখ রাত ১০টা ১০ মিনিটে গংগাচড়া থানাধীন ৫নং লক্ষীটারি ইউনিয়নের পূর্ব ইচলী মৌজার সোলার অফিসের সামনে কাকিনা টু রংপুরগামী পাকা সড়কে এ অভিযান পরিচালনা করেন এসআই সিব্বির আহমেদ, সঙ্গীয় অফিসার ফোর্সসহ।
অভিযানের সময় কাকিনার দিক থেকে আসা একটি ইজিবাইক থেকে এক মহিলা যাত্রী ডিবি পুলিশের উপস্থিতি দেখে দ্রুত নেমে পড়েন। তার সন্দেহজনক আচরণ লক্ষ্য করে এসআই সিব্বির আহমেদ নারী ডিবি পুলিশের সহায়তায় তাকে আটক করেন।
পরবর্তীতে জিজ্ঞাসাবাদে ওই নারী যাত্রী নিজের নাম জানান মোছাঃ শিল্পী বেগম (২৫), স্বামী মোঃ মনজুরুল আহমেদ লিটন, সাং- স্টেশন রোড বাবুপাড়া (২৮নং ওয়ার্ড), থানা- কোতয়ালি, আরপিএমপি, জেলা- রংপুর। নারী ডিবি পুলিশের সহায়তায় তার দেহ তল্লাশি করে হাতে থাকা ছাই রঙের ভ্যানিটি ব্যাগ থেকে ২০টি পাতায় মোট ২০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং একটি পুরাতন বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটককৃত শিল্পী বেগমকে জব্দকৃত মাদকের আলামতসহ গংগাচড়া থানায় নিয়ে যাওয়া হয় এবং এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। রংপুর জেলা ডিবি পুলিশের এ অভিযানকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছে এবং নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছে স্থানীয়রা।







