
[অনলাইন প্রতিবেদক]
পাহাড়ি জনপদ খাগড়াছড়িতে এবার ব্যতিক্রমধর্মী আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো “গ্রীষ্মকালীন ফল উৎসব ও প্রীতি ফুটবল ম্যাচ-২০২৫”। গত ২৮ জুন ২০২৫ তারিখ শনিবার বিকেলে খাগড়াছড়ি পুলিশ লাইন্সের ড্রিলসেডে পুলিশ সুপার জনাব মোঃ আরেফিন জুয়েল বিপিএম এর উদ্যোগে এই মনোমুগ্ধকর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পাহাড়ি অঞ্চলে উৎপাদিত মৌসুমি ফল রাম্বুটান, আম, কলা, জাম, জামরুল, লটকন, আনারস, কাঁঠালসহ দেশীয় নানা জাতের রসালো ফল প্রদর্শন করা হয়। সুগন্ধি ও রঙিন ফলের এই সমারোহ একটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে, যেখানে অংশগ্রহণকারীরা আনন্দচিত্তে ফলের স্বাদ গ্রহণ করেন। এ উৎসব শেষে অনুষ্ঠিত হয় একটি প্রীতি ফুটবল ম্যাচ, যা শুধু বিনোদনই নয় বরং পুলিশ সদস্যদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ মোঃ মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ, খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের অতিরিক্ত কমান্ড্যান্ট মোঃ মোখলেসুর রহমান, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্লসহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে পুলিশ সদস্যরা বলেন, প্রাকৃতিক ফল খাওয়ার গুরুত্ব যেমন রয়েছে, তেমনি এই ধরনের সাংস্কৃতিক ও ক্রীড়া আয়োজন কর্মব্যস্ত জীবনে প্রশান্তি আনে। তারা পুলিশ সুপার মহোদয়ের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন নিয়মিতভাবে করার অনুরোধ জানান।
পুলিশ সুপার জনাব মোঃ আরেফিন জুয়েল বিপিএম বলেন, “এই আয়োজনের মাধ্যমে আমরা শুধু ফল উৎসব উদযাপন করিনি, বরং আমাদের ঐতিহ্য, সম্প্রীতি ও শারীরিক সুস্থতার বার্তা পৌঁছে দিয়েছি। পুলিশ সদস্যদের মাঝে উৎসাহ ও প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে আমরা এধরনের আয়োজন অব্যাহত রাখব।”






