
[অনলাইন প্রতিবেদক]
বাংলাদেশের শিক্ষা ও জ্ঞানচর্চায় নতুন মাত্রা যোগ করতে উপজেলা পরিষদের মাধ্যমে নির্মাণাধীন ৪৪টি পাবলিক লাইব্রেরির শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে। ১৯ জুন ২০২৫ তারিখ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, “উন্নত সমাজ গঠনে সবচেয়ে বড় বিনিয়োগ হল শিক্ষা ও জ্ঞানচর্চা। তাই প্রতিটি উপজেলায় একটি করে পাঠাগার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।” তিনি জানান, প্রথম ধাপে দেশের ১১টি জেলার ৪৪টি উপজেলায় প্রতিটি লাইব্রেরির জন্য ৫৩ লক্ষ টাকা করে মোট ২৩ কোটি ৩২ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
তিনি আরও বলেন, “শিক্ষার হার এবং দারিদ্র্যের হার বিবেচনায় রেখে বিশেষত উত্তরবঙ্গসহ বঞ্চিত এলাকাগুলোতে মানসম্মত লাইব্রেরি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।” শিক্ষার্থীদের আকৃষ্ট করতে নির্মাণশৈলী, পরিবেশ এবং ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
লাইব্রেরি নির্মাণে স্বচ্ছতা ও সাম্য নিশ্চিত করতে বাজেট বণ্টন ও উপজেলা বাছাইয়ের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব নয়, বাস্তব চাহিদাকে প্রাধান্য দেওয়া হয়েছে বলে উপদেষ্টা উল্লেখ করেন।
দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, “নগর ভবন বন্ধ থাকা সত্ত্বেও সরকার যথেষ্ট ধৈর্য ও আন্তরিকতার পরিচয় দিয়েছে। তবে নাগরিক সেবা ৩০-৪০ শতাংশ কমে যাওয়ায় বিষয়টি নিয়ে আন্তঃমন্ত্রণালয় আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ ও সংশ্লিষ্ট অন্যান্যরা।
এই উদ্যোগ দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন অংশগ্রহণকারীরা।







